প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের আলোচনা, হয়নি কোনো আপস
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তি সম্ভাবনা খুঁজতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। মূলত ইউক্রেনের কতটুকু ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে—এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।
পুতিনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি উসাকোভ বৈঠক থেকে বেরিয়ে বলেন, এখন পর্যন্ত আমরা কোনো আপস খুঁজে পাইনি। কিন্তু মার্কিনিদের কিছু সমাধান নিয়ে আলোচনা করা যেতে পারে। আলোচনা খুব ভালো এবং গঠনমূলক হয়েছে জানিয়ে রাশিয়ার এ কর্মকর্তা বলেছেন, মস্কো এবং ওয়াশিংটন উভয় জায়গাতেই সামনে ব্যাপক কাজ করা বাকি আছে।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। ইউক্রেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা অভিযোগ করেছেন, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে। তারা এতে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন।
এ খসড়া চুক্তিতে বলা আছে শান্তিচুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দনবাস রাশিয়ার কাছে তুলে দেবে। যারমধ্যে আছে দোনেৎস্ক ও লুহানস্ক। এ দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয়র রক্ত ঝরেছে এবং হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া চুক্তি করবে না। পুতিন হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো আর নয়ত শক্তিপ্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন তারা।
Copyright © 2026 All rights reserved.